

নোবিপ্রবিতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, আলোচনায় মেঘনা উপকূলের মানুষের দুর্ভোগ

নোবিপ্রবিতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, আলোচনায় মেঘনা উপকূলের মানুষের দুর্ভোগ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে মেঘনা উপকূলের মানুষের দুর্যোগকালীন জীবনসংগ্রাম, খাদ্যসংকট ও নদীভাঙনের বাস্তব চিত্র তুলে ধরেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের আইকিউএসি সেমিনার কক্ষে এ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘Hunger Follows the Disaster: Lived Stories of Meghna’ প্রতিপাদ্যকে সামনে রেখে কোস্টাল এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (CoEN), খানি (KHANI), প্রাণ (PRAN) ও অ্যাকশনএইডের (ActionAid) যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোহাম্মদ সোহেল খান। এ ছাড়া CoEN-এর সমন্বয়ক মো. কামরুজ্জামান তুষার এবং বিভাগের শিক্ষক সজীব আহমেদ ও ফাহমিদা আলম বিন্তু উপস্থিত ছিলেন।
সেমিনারে মেঘনা উপকূলের দুর্যোগকবলিত মানুষের অভিজ্ঞতা তুলে ধরতে দুটি বন্যাকবলিত পরিবারের সদস্য, একজন কৃষক ও একজন সমাজকর্মীকে আমন্ত্রণ জানানো হয়। তাঁরা নদীভাঙন ও ভয়াবহ বন্যার সময়কার জীবনসংগ্রাম, খাদ্যসংকট এবং নানা প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে দুর্যোগের পরও উপকূলের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের বিষয়টি উঠে আসে।
আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি শুধু তাৎক্ষণিক প্রাণহানি বা সম্পদের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং এর প্রভাব দীর্ঘ সময় ধরে মানুষের খাদ্যনিরাপত্তা ও জীবিকাকে সংকটে ফেলে। বিশেষ করে মেঘনা উপকূলের নদীভাঙন ও বন্যাপ্রবণ এলাকার মানুষের দুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।