নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, সংহতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালী টাউন হল প্রাঙ্গণে খানি বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে ৩৫টির বেশি সংগঠন অংশ নেয়। এতে নোয়াখালীর বিভিন্ন উপজেলার নারী কৃষক, কৃষক, তরুণ, নারী অধিকারকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, কৃষির গুরুত্বপূর্ণ প্রায় সব পর্যায়েই নারীর অংশগ্রহণ রয়েছে। বীজ বপন, চারা রোপণ, ফসল কাটা, প্রক্রিয়াজাতকরণ, বীজ সংরক্ষণ এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ এখনো রাষ্ট্রীয়ভাবে তাদের কৃষক হিসেবে স্বীকৃতি দেয়া হয়নি। ফলে সরকারি ভর্তুকি, কৃষিঋণ, প্রশিক্ষণ, কৃষি সম্প্রসারণ সেবা ও দুর্যোগকালীন ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
খানি বাংলাদেশের সেক্রেটারি ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের প্রধান নির্বাহী নুরুল আলম মাসুদ বলেন, নারীরা কৃষির বড় একটি অংশের কাজ করলেও তাদের কৃষক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। একই কাজ করেও নারী কৃষিশ্রমিকেরা পুরুষের তুলনায় কম মজুরি পান। জমি ও উৎপাদনশীল সম্পদে তাদের মালিকানা সীমিত। এসব বৈষম্য নারী কৃষকদের অর্থনৈতিকভাবে পিছিয়ে রাখছে।
তিনি আরও বলেন, নারী কৃষকদের এই বঞ্চনা শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক, সামাজিক ও কাঠামোগত সহিংসতার বহিঃপ্রকাশ। তাদের শ্রমের স্বীকৃতি, অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, ফসলহানি ও বাস্তুচ্যুতির মতো দুর্যোগ নারীদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। খাদ্য, পানি, নিরাপদ আশ্রয় ও স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের পাশাপাশি দুর্যোগের সময় নারীদের গৃহস্থালি ও পরিচর্যার দায়িত্বও বেড়ে যায়। এতে তাদের প্রতি সহিংসতার ঝুঁকি আরও বাড়ে।
তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু সামাজিক সচেতনতা কিংবা আইনি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। নারীর শ্রমের স্বীকৃতি, খাদ্যের অধিকার, নিরাপদ জীবিকা, সম্পদে প্রবেশাধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সহিংসতার শিকার নারীদের আইনি ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা জরুরি।
সমাবেশ থেকে নারীকে কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া, কৃষক নিবন্ধন ও কৃষি উপকরণ সহায়তা কার্ডে অন্তর্ভুক্ত করা, কৃষি ভর্তুকি ও ঋণে সমান সুযোগ নিশ্চিত করা, নারী-পুরুষ কৃষিশ্রমিকের সমান মজুরি, জমি ও উৎপাদনশীল সম্পদে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া নারী খাদ্য উৎপাদনকারীদের ভূমিকার স্বীকৃতি দিয়ে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিও তোলা হয়।
উল্লেখ্য, ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়।
সমাবেশ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত ‘প্রতিরোধ যাত্রা’ নামে একটি র্যালি বের করা হয়। এতে নারী কৃষকসহ সব ধরনের সহিংসতা ও বৈষম্যের শিকার নারীদের প্রতি সংহতি জানানো হয়।
This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.





