ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন বস্তিতে আশ্রয় নেওয়া পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। এসব পরিবারের ৭৪ দশমিক ৯ শতাংশই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশাপাশি ৯৫ দশমিক ৫ শতাংশ পরিবার দিনে কোনো না কোনো বেলা না খেয়ে থাকছে।
বুধবার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত এক সংলাপে প্রকাশিত একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ‘সহিষ্ণুতার শুরু নিজ ঘর থেকেই’ প্রতিপাদ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ, স্বদেশ সাতক্ষীরা এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
সংলাপে ‘ডিসপ্লেসড, ডিনায়িড’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উম্মে সালমা। গত আগস্ট মাসে সাতক্ষীরা পৌরসভার ৩৫টি বসতির ৩৫৮টি বাস্তুচ্যুত পরিবারের ওপর এই জরিপ চালানো হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া ৫২ দশমিক ২ শতাংশ পরিবারে কেউ না কেউ পুরো এক দিন না খেয়ে থেকেছেন। খাবার জোগাড় করতে ৫৭ দশমিক ৩ শতাংশ পরিবার উৎপাদনশীল সম্পদ বা প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী বিক্রি করেছে। এ ছাড়া ৯৬ দশমিক ৯ শতাংশ পরিবার আংশিক বা পুরোপুরি লবণাক্ত ও আয়রনযুক্ত অগভীর নলকূপের পানির ওপর নির্ভরশীল। গত এক মাসে অর্ধেক পরিবারে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।
জরিপে আরও দেখা যায়, সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে মাত্র ৭ দশমিক ৫ শতাংশ পরিবার। সরকারি জমিতে বসবাসকারী এসব পরিবারের ৫৯ শতাংশ উচ্ছেদ বা উচ্ছেদের হুমকির মুখে রয়েছে। গত ১২ মাসে ৭৯ দশমিক ১ শতাংশ পরিবার কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পায়নি।
সংলাপে জানানো হয়, বস্তির ৬ থেকে ১৮ বছর বয়সীদের ৩৩ দশমিক ২ শতাংশ স্কুলে যায় না। এদের ৩০ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত। সংলাপে অংশ নেওয়া ফাতেমা বেগম, সোনিয়া বেগম, সালমাসহ কয়েকজন বাস্তুচ্যুত নারী নিজেদের সংকটের কথা তুলে ধরেন।
তাঁরা জানান, পরিবারের পুরুষেরা মূলত ভ্যান চালান। দিনে ২০০ টাকা আয়ে সংসার চলে না বলে অনেক পরিবার অল্প টাকার বিনিময়ে শিশুদের গ্যারেজে কাজে পাঠাচ্ছে। এসব শিশুর কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। স্থায়ী ঠিকানা না থাকায় ঋণ পেতেও ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।
সংলাপে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও অর্ণব দত্ত বলেন, বস্তিবাসীদের মধ্যে যাঁরা বয়স্ক বা বিধবা ভাতা পাচ্ছেন না, তাঁদের তালিকা দিলে ভাতার আওতায় আনা হবে। পৌর এলাকার বাইরের প্রকৃত ভূমিহীনরা আবেদন করলে কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী দুই একর পর্যন্ত জমি দেওয়া হবে।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. জাহিদ আরজু রিপন জানান, কোনো নাগরিক সংগঠন দায়িত্ব নিলে বস্তিতে যৌথ কল ও শৌচাগারের ব্যবস্থা করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মইনুল ইসলাম মইন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অভিবাসন একটি সাধারণ বিষয়। কিন্তু এখানে বাস্তুচ্যুতি শব্দটি ব্যবহার করা হচ্ছে। কারণ মানুষ ইচ্ছে করে স্থানবদল করেনি বরং বাধ্য হয়েছে। বস্তিতে সবজি চাষের জায়গা নেই, পানি নেই এবং শোভন জীবনযাপনের কোনো সুবিধা নেই। পৌরসভাকে সঙ্গে নিয়ে কোন বস্তিতে কী সহায়তা দরকার তা নির্ধারণ করা গেলে সবাই দায়িত্ব ভাগ করে নিতে পারবে।
স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে সংলাপে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার প্রমুখ।
This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.




