

নোয়াখালীতে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণঢ্য আয়োজনে নারী নির্যাতন বিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মানববন্ধনও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঐ স্থান থেকে থেকে একটি অরেঞ্জ মার্চ বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সসমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন. হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী অধিকারকর্মী নুরজাহান রিনি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পরও অনেক নারীকে সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচার পেতে দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব; অপরাধী যে-ই হোক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা আরও বলেন, নারী নির্যাতন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি তরুন সমাজ ও পুরুষদেও এগিয়ে আসতে হবে।
অন্য দিকে সদর উপজেলার বিনোদপুরে এনআরডিএস-এর ‘জেন্ডার সমতা ও নারী অধিকার ইউনিট’-এর আয়োজনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন প্রাণ-এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, বন্ধনের নির্বাহী পরিচালক মো.আমিনুজ্জামান, এসো গড়ির উন্নয়ন সংস্থার প্রতিনিধি ফারজানা তিথি, এসএইচবিও-এর পরিচালক ফাহিদা
সুলতানা, চিকিৎসক ডা. হৃদি এবং গণমাধ্যমকর্মী জামাল হোসেন বিষাদ ও আবু নাসের মঞ্জু প্রমুখ।
বক্তারা বলেন, নারীকে কেবল লিঙ্গভিত্তিক পরিচয়ে সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গ মানুষ, নাগরিক ও সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক সত্তা হিসেবে মূল্যায়ন করতে হবে। নারীর প্রকৃত স্বাধীনতা ও ক্ষমতায়নের জন্য শিক্ষা, সম্পত্তির অধিকার এবংঅর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা জরুরি। শুধু সচেতনতা সহিংসতা রুখতে যথেষ্ট নয়; অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গণমাধ্যমে নির্যাতনের খবর সংবেদনশীলতার সাথে প্রকাশ এবং স্থানীয় পর্যায় থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।