sorejominbarta.com

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নারীদের পদযাত্রা

মোঃ রফিকুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে, নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক নির্যাতন ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের সংস্কারের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের মাধ্যমে অপরাধীদের সুরক্ষা দেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে আয়োজিত সমাবেশ শেষে একটি প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে যাত্রাটি নোয়াখালী প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
৩৫টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক, নারী, যুব ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং অনলাইন ও বাস্তব জীবনে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়; এটি সমাজের গভীরে প্রোথিত একটি সমস্যা। নির্যাতনের শিকার হওয়ার পর অনেক নারী সামাজিক অপমান, ভয়ভীতি ও বিচারপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও সামাজিক দায়িত্ব। অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক, তাঁকে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের ওপর হামলা, হুমকি ও অপমানের ঘটনা বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্রহনন এবং নারীর মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের কর্মী ও সমর্থকদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
অনলাইন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা, দ্রুত তদন্ত এবং ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও মর্যাদা সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
নারী নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। একই সঙ্গে নারীর প্রতি বৈষম্য, অসম্মান ও সহিংসতা প্রতিরোধে তরুণদের পাশাপাশি পুরুষদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
সমাবেশটিতে, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী,র সভাপতিত্বে, নারী অধিকার কর্মী নুরজাহান রিনি র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা এবং বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন।
এ ছাড়া হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার এবং প্রানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা বক্তব্য দেন। প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ স্বাগত বক্তব্য দেন।