

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় খাগড়াছড়িতে জুমচাষিদের সমাবেশ | | বাংলাদেশ প্রতিদিন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জুমচাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবিতে খাগড়াছড়িতে নারী কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং ও তৃণমূল আলো-এর আয়োজনে সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে জুমক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও জীবিকা হুমকির মুখে পড়ছে।
বক্তারা এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু তহবিল থেকে পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য পৃথক বরাদ্দ, ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের বিশেষ সহায়তা এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের দাবি জানান।
সমাবেশে জুমচাষে উৎপাদিত শতাধিক প্রজাতির শস্যের বীজ, খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনী করা হয়। এতে পাহাড়ের ঐতিহ্যবাহী কৃষিব্যবস্থা ও বৈচিত্র্যময় ফসলের সমাহার তুলে ধরা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন তৃণমূল আলো এনজিওর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা। স্বাগত বক্তব্য দেন পানছড়ির নারী হেডম্যান ইথিন চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন নারী কারবারি মেহেদী বালা ত্রিপুরা, টিআইবির এরিয়া ম্যানেজার নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
সমাবেশে শতাধিক নারী কৃষক অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এম.এস