নারীর নিরাপত্তায় আইনের সংস্কার ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে ৩৫টিরও বেশি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত সমাবেশ ও প্রতিরোধ যাত্রা থেকে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাণ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়ন, পারিবারিক সহিংসতা ও অনলাইন হয়রানি বন্ধে কার্যকর আইন প্রণয়ন, প্রচলিত আইনের সংস্কার এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে নারীদের ওপর হামলা, অপমান ও হয়রানি বন্ধ এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি রওশন আক্তার লাকী, সাবেক সভাপতি ও উদীচী নোয়াখালীর সহসভাপতি লায়লা পারভীন, হ্যালো উইমেনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার মুন্নি, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রাসুল মামুন, নিজেরা করি-এর অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, এফপিএবির জেলা কর্মকর্তা পংকজ চাকমা, বন্ধনের নির্বাহী পরিচালক আমিনুজ্জামান মিলন এবং হাতিয়ার প্রান্তিক নারী প্রতিনিধি মমতা বেগম, রুনা আক্তার ও রোকসানা আক্তার। নারী অধিকারকর্মী নুরজাহান রিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা, নোয়াখালী শাখার সভাপতি আসিফ আহমেদ প্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে সালমা। সমাবেশ শেষে টাউন হল প্রাঙ্গণ থেকে নোয়াখালী প্রেসক্লাব পর্যন্ত প্রতিরোধ যাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন বন্ধ, নারীর সমান অধিকার এবং অনলাইন ও বাস্তব জীবনে হয়রানি বন্ধের দাবিতে স্লোগান দেন।
This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.







