জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের নিশ্চয়তা না পাওয়ার প্রতিবাদে খুলনার ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি এলাকায় খালি থালা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দলিত কৃষক ও নারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য কার্যকর অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি—এমন অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ শীর্ষক সপ্তাহব্যাপী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং স্থানীয় সংগঠন ধ্রুব-খুলনা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্থার কর্মকর্তা মিস আলো দে, শিক্ষিকা সোমা আইচ, এনজিও কর্মকর্তা বাসুদেব দাস, ঝর্ণা সরকার ও সাংবাদিক বাহার উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, ‘কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।’
সমাবেশ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার সুরক্ষা, কৃষিবান্ধব অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু মোকাবিলার সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের অংশগ্রহণ বাড়ানোর দাবি জানানো হয়।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.





