Skip to the news
297 stories in the archive · 69 this week
Media coverage edition Updated 26 November 2026
PRAAN Media Coverage
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইনআইল থেকে আন্তালিয়া

পানির সংকটে বিপর্যস্ত মোংলার জনজীবন

পানির সংকটে বিপর্যস্ত মোংলার জনজীবন
Image: banglaaffairs.com

মোংলায় পানির জন্য জীবন বিপন্ন
তীব্র লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে উপকূলজুড়ে চলছে তীব্র হাহাকার। বিপন্ন হয়ে পড়েছে প্রান্তিক জেলে ও কৃষক জীবন। এমন পরিস্থিতিতে তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) উন্নত দেশগুলোর কাছ থেকে কোনো সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন উপকূলবাসী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঋণ নয়, বরং শর্তহীন অনুদান ও ন্যায্য রূপান্তরের দাবিতে মোংলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে এই ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়। ‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), বিডাব্লিউজিইডি, ক্লিন এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে কয়েকশ নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধা পানিশূন্য কলস, মাছ ধরার জাল এবং বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ফেস্টুন হাতে অংশ নেন।

মোংলা নাগরিক সমাজের সভাপতি ও পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে কঠোর সমালোচনা করেন। তারা বলেন, আন্তালিয়ার কপ-৩১ সম্মেলনে শুধু ফাঁকা বুলি আওড়ানো হচ্ছে, সেখান থেকে কৃষক ও উপকূলবাসী খালি হাতে ফিরছেন।

সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততা এখন উপকূলের প্রধান দুর্যোগ। চারদিকে পানি থৈ থৈ করলেও এক ফোঁটা খাবার পানি নেই। বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের ০.৫ শতাংশেরও কম নিঃসরণ করে, অথচ এর ভয়াবহ শিকার হচ্ছেন এদেশের কৃষক, জেলে ও উপকূলীয় নারীরা।

জলবায়ু অর্থায়নের বৈষম্যের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, বিশ্বের মোট অভিযোজন চাহিদার ৫৪ শতাংশই কৃষি ও খাদ্য ব্যবস্থার, অথচ এই খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। এমনকি জলবায়ু সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশীদারিত্ব ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে। আমাদের দাবি, কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট ঘোষণা থাকতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্ধারিত অংশ ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাতে হবে, কোনোভাবেই তা ঋণ হিসেবে যেন না হয়।

উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও জ্বালানি নির্ভরতার পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে দেশের ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। অন্যদিকে দেশের কৃষি এখন আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল। এছাড়া ১ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ চলে ডিজেলে এবং বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া সার আমদানি করতে হয়।। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশই আসছে ঋণ হিসেবে। তাই কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে না পারলে উপকূলের মানুষের অপূরনীয় ক্ষতি হবে। তাই তাদের দাবী এবং এই প্রক্রিয়ায় উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকদের অধিকারের স্পষ্ট স্বীকৃতি দিতে হবে।

উপকূলীয় নারীদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে নারীনেত্রী ও জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, তীব্র লবণাক্ত পানি ব্যবহারের ফলে উপকূলের নারীরা জরায়ু ক্যান্সার, প্রজনন স্বাস্থ্য সমস্যা এবং বন্ধ্যাত্বের মতো জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্মরোগ ও টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগে ভুগছে। তিনি জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ), এনডিসি এবং কপ প্রতিনিধি দলে উপকূলের প্রান্তিক নারী, জেলে ও কৃষক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নারীনেত্রী তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার এবং জরিনা বেগম প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা স্পষ্টভাবে জানান, কৃষকের উৎপাদন খরচ কমিয়ে এবং খাদ্য নিরাপত্তা সুরক্ষিত রেখেই ন্যায্য রূপান্তর নিশ্চিত করা অতিব জরুরি। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণের বোঝা হিসেবে চাপিয়ে না দিয়ে শর্তহীন অনুদান, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারী, জেলে, আদিবাসী ও কৃষকদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের প্রধান দাবি।

This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.

Related

More from রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

PRAAN

নারী কৃষকের স্বীকৃতি ও সমান মজুরির দাবিতে সমাবেশ

নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কৃষিতে নারীর শ্রমের যথাযথ মূল্যায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে নোয়াখালীতে…

Channel 24Channel2423 hours ago
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদান চান বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে ঋণ নয়, অনুদান দাবি করেছেন বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কৃষাণীরা। তাদের দাবি, জলবায়ু সংকটে…

সোনার দেশসোনার দেশ22 Nov 2026
রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন ক্যাম্পেইন

জলবায়ু সম্মেলনে ঋণ নয়, অনুদানের দাবি বরেন্দ্র অঞ্চলের আদিবাসী কিষানিদের

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার সুরক্ষা এবং উন্নত দেশগুলোর কাছ থেকে…

samachar.com.bdCreative Design22 Nov 2026