নোয়াখালীর ১০টির বেশি হোটেল ও রেস্তোরাঁয় খাবার অপচয়ের হিসাব সংরক্ষণ করে তা ভোক্তাদের সামনে দৃশ্যমান করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খাবার অর্ডার করা, পরিবেশনের পরিমাণ নিয়ন্ত্রণ এবং উদ্বৃত্ত খাবার সংরক্ষণ করে খাদ্যসংকটে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালীর মাইজদীতে খাদ্যক্ষয় ও অপচয় বিষয়ক আন্তর্জাতিক সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক—খানি বাংলাদেশ ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রান যৌথভাবে সভাটির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘খাদ্যক্ষয় ও অপচয় হ্রাসের রূপান্তরমূলক সম্ভাবনা’।
সভায় রেস্তোরাঁ প্রতিনিধিরা জানান, অনেক ভোক্তা প্রয়োজনের তুলনায় বেশি খাবার অর্ডার করেন। খাবার শেষ না করলেও অনেকে তা সঙ্গে নিয়ে যান না। বিশেষ করে বাংলা খাবারের হোটেলগুলোতে পার্সেলের পরিমাণ বেশি হওয়ায় অপচয়ের পরিমাণও বাড়ছে। এসব প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় ৫০ কেজি বা তারও বেশি খাবার অপচয় হয় বলে জানান তারা।
রেস্তোরাঁ প্রতিনিধিদের মতে, পারিবারিক টেবিলের তুলনায় তরুণ ভোক্তাদের টেবিলে খাবার অপচয়ের প্রবণতা বেশি দেখা যায়।
সভায় চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ অর্ডারের সুযোগ তৈরি, অর্ডারের পরিমাণ অতিরিক্ত মনে হলে ভোক্তাকে তাৎক্ষণিকভাবে জানানো, ওয়েটারদের প্রশিক্ষণ এবং অপচয় কমাতে রেস্তোরাঁয় সচেতনতামূলক বার্তা ও নির্দেশনা প্রদর্শনের প্রস্তাব দেয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, এক কেজির কম মাংস বা সবজি বিক্রি না হওয়ায় ছোট পরিবারগুলোকেও অনেক সময় প্রয়োজনের তুলনায় বেশি খাবার কিনতে হয়। আবার প্রয়োজন বিবেচনা না করে বেশি বাজার করা ও রান্না করাও বাসাবাড়িতে খাদ্য অপচয়ের অন্যতম কারণ।
তারা বলেন, গ্রামাঞ্চলে বেঁচে যাওয়া খাবারের একটি অংশ গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও শহরে এসব খাবার অন্যান্য বর্জ্যের সঙ্গে মিশে ডাস্টবিনে চলে যায়। এতে খাবার পুনর্ব্যবহারের সুযোগও কমে যায়।
উন্নয়ন সংগঠন বন্ধনের নির্বাহী পরিচালক মো. আমিনুজ্জামান বলেন, সমস্যার মূল কারণ হলো ছোটবেলা থেকে খাদ্য অপচয় নিয়ে পর্যাপ্ত আলোচনা ও শিক্ষা না থাকা। শৈশব থেকেই এ বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।
সভায় খানি বাংলাদেশের উপস্থাপিত মূল বক্তব্যে বলা হয়, বাংলাদেশে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়লেও খাদ্য নিরাপত্তাহীনতা এখনো বড় বাস্তবতা। ফলে খাওয়ার উপযোগী খাবার ভোক্তা পর্যায়ে ফেলে দেওয়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
জাতিসংঘের ফুড ওয়েস্ট ইনডেক্স ২০২৪-এর তথ্য তুলে ধরে সভায় বলা হয়, বাংলাদেশে মাথাপিছু বার্ষিক খাদ্য অপচয়ের পরিমাণ ৮২ কেজি। এর সঙ্গে পানি, জ্বালানি, শ্রমসহ খাদ্য উৎপাদনে ব্যবহৃত অন্যান্য সম্পদেরও অপচয় হয়।
সভায় আরও বলা হয়, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি ২০২০-এ খাদ্য অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যের উচ্ছিষ্ট পুনর্ব্যবহারের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাতিসংঘ খাদ্যব্যবস্থা সম্মেলনে বাংলাদেশের জাতীয় পথনকশা, জুলাই ২০২৫-এ খাদ্য অপচয় হ্রাসকে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে চিহ্নিত করে পৃথক জাতীয় কৌশল প্রণয়নের কথা বলা হয়েছে। এ কৌশল দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে অংশগ্রহণকারী হোটেল ও রেস্তোরাঁ প্রতিনিধিদের হাতে ‘Food Waste’ হিসাবের পোস্টার ও টেবিল স্ট্যান্ড তুলে দেয়া হয়। এসব পোস্টারে আগের দিন এবং চলতি মাসে রেস্তোরাঁয় মোট কত কেজি খাবার অপচয় হয়েছে, তা লিখে রাখার ব্যবস্থা রয়েছে।
আয়োজকদের মতে, এ হিসাব শুধু রেস্তোরাঁ ব্যবস্থাপনার জন্য নয়, ভোক্তাদের সচেতন করারও একটি কার্যকর উদ্যোগ। অপচয়ের পরিমাণ চোখের সামনে দৃশ্যমান থাকলে ভোক্তারা খাবার অর্ডারের সময় প্রয়োজনীয় পরিমাণ বিবেচনা করবেন এবং খাবার ফেলে না দিয়ে প্রয়োজনে পরে আরও খাবার নেয়ার বিষয়ে সচেতন হবেন।
নোয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, খাদ্য অপচয় কমাতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর করলে হবে না। শৈশব থেকেই খাবারের মূল্য, প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ এবং অপচয় না করার বিষয়ে শিক্ষা ও সচেতনতা তৈরি করতে হবে। প্লেটে প্রয়োজনের অতিরিক্ত খাবার না নেওয়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.





