নোয়াখালীর উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ৪৫০ নারীকে প্রশিক্ষণ By খবরের কণ্ঠ প্রতিবেদক September 22, 2026 12:42 am নোয়াখালীর উপকূলীয় এলাকার ৪৫০ নারীকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা নোয়াখালীর উপকূলীয় এলাকার ৪৫০ নারীকে দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রাণ এ কার্যক্রম পরিচালনা করছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় গত ২৪ আগস্ট থেকে নোয়াখালী সদর, হাতিয়া ও সুবর্ণচর উপজেলার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রগুলোতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রতিটি কেন্দ্রে ৩০ জন করে মোট ৪৫০ নারী এতে অংশ নিয়েছেন। ‘দুর্জয়ী’ মডিউলের আওতায় পরিচালিত এসব প্রশিক্ষণ সেশনে দুর্যোগের সময় নারী ও কিশোরীদের নিরাপত্তা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং আশ্রয়কেন্দ্রে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া, ঝুঁকি চিহ্নিত করা এবং জরুরি সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সময়ে নারীদের জীবিকা ও আয় বাড়াতে জলবায়ু সহনশীল কৃষি, পুষ্টিবাগান, হাঁস-মুরগি ও মাছ চাষ, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন আয়বর্ধক উদ্যোগ নিয়েও আলোচনা করা হচ্ছে। আয়োজকেরা জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী নারীরা তাদের পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে দেবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও সাড়াদান কার্যক্রমে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব আরও শক্তিশালী হবে। প্রশিক্ষণ সেশনগুলোতে বিষয়ভিত্তিক রিসোর্স পারসন হিসেবে রয়েছেন প্রাণের ডব্লিউএলসিসি ম্যানেজার শামীমা আক্তার অর্ণা, স্কিল বিল্ডিং ট্রেইনার শাহিনুর আক্তার, এমএইচপিএসএস ও জিবিভি কেস ওয়ার্কার সুমাইয়া আক্তার ও সিনথিয়া শর্নীল, মিডওয়াইফ জুঁই আক্তার এবং স্বেচ্ছাসেবক আয়েশা আক্তার।
This archive indexes coverage published by other media. Copyright remains with the original publisher.








